বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরি পিরোজপুর ইউনিটে নজরুল জয়ন্তী উদযাপন

সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প ”–এর আওতায় পরিচালিত বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম, পিরোজপুর ইউনিটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “নজরুল জয়ন্তী”।
শুক্রবার (২২মে) সকাল ১০টায় পিরোজপুর সরকারি শিশু পরিবারে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (পিটিআই), ঝালকাঠির ইন্সট্রাক্টর মোঃ আকবর হোসেন এবং সরকারি শিশু পরিবার, পিরোজপুরের উপতত্ত্বাবধায়ক শাবানা খানম।
অনুষ্ঠানের শুরুতে হালিমাতুস সাদিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ভ্রাম্যমাণ লাইব্রেরির ইনচার্জ এস. এম. নাহিদুর রহমান। পরে পালপাড়া সাংস্কৃতিক সংঘের উদ্যোগে “নজরুল জয়ন্তী” শীর্ষক একটি দেয়ালিকা প্রদর্শন করা হয়। দেয়ালিকার মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সাহিত্যকর্ম ও জীবনদর্শন সম্পর্কে ধারণা লাভ করে। দেয়ালিকা প্রদর্শনের পর শুরু হয় গজল প্রতিযোগিতা। সরকারি শিশু পরিবারের শিশুরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অতিথিদের বক্তব্যে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা কবি কাজী নজরুল ইসলাম-এর সাম্য, মানবতা ও ভালোবাসার আদর্শ তুলে ধরেন। বক্তব্যে মোঃ আকবর হোসেন নজরুলের বিখ্যাত উক্তি—“গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় নাই, নাহি কিছু মহীয়ান”—উল্লেখ করে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
সরকারি শিশু পরিবার, পিরোজপুরের উপতত্ত্বাবধায়ক শাবানা খানম বলেন, শিশু পরিবারে বেড়ে ওঠা শিশুদের আত্মবিশ্বাসী ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে গজল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। আয়োজনে শিশুদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে।
ভোরের আাকাশ/এনউব