মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের ভায়না মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেছা। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও একই চেতনায় মে দিবস পালিত হচ্ছে। দেশকে এগিয়ে নিতে শ্রমিকদের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ গড়ে তোলা জরুরি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই পারে একটি শান্তিপূর্ণ পৃথিবী গড়তে সহায়তা করতে।
এদিকে দিবসটি উপলক্ষে সকাল থেকেই মাগুরা শহরের বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে র্যালি ও সমাবেশ আয়োজন করে।
এর মধ্যে ছিল বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস মালিক সমিতি, নির্মাণ শ্রমিক ফেডারেশন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা শাখা, ট্রাক-ট্রাংকালী শ্রমিক সমিতি, রিকশা-ভ্যান শ্রমিক সমিতি এবং অটো শ্রমিক সমিতি।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।
ভোরের আকাশ/এসএইচ