পাথরঘাটায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ জন আটক

বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর সময় তাদের আটক করা হয়। বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে একই তথ্য পাওয়া গেছে।
আটক ব্যক্তিরা হলেন—পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে ও আওয়ামী লীগ সদস্য মো. সবুজ মিয়া (৪০), কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহজাহানের ছেলে ও ছাত্রলীগ সদস্য মো. নাবিউল ইসলাম (১৮), পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও ছাত্রলীগ সদস্য আলামিন কবিরাজ (২০), একই ইউনিয়নের গহরপুর গ্রামের আবুল কালামের ছেলে ও ছাত্রলীগ সদস্য কামরুল ইসলাম (১৮), বড় টেংরা গ্রামের মো. মন্টু মোল্লার ছেলে ও যুবলীগ সদস্য মো. রনি মোল্লা (৩০) এবং পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফারুক খানের ছেলে ও যুবলীগ সদস্য মো. রাজিব খান (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে পাথরঘাটা পৌর শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর সময় তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পাথরঘাটার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। এর আগে বিভিন্ন সময় গভীর রাতে পৌর শহরে মিছিলের চেষ্টা ও পোস্টার লাগানোর মতো ঘটনাও ঘটেছে বলে তাঁরা জানান।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয় সদস্যকে আটক করা হয়েছে। আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে তাদের পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ভোরের আকাশ/সু.পা