মানিকগঞ্জে 'মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট' উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর স্মৃতি আগলে রাখতে মূল্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বেলুন উড়িয়া টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। খেলাধুলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হচ্ছে। তরুণ প্রজন্ম যেন মাদক ছেড়ে খেলার মাঠে ধাবিত হয় সেই লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে বাছাই করে কৃতি খেলোয়াড় অন্বেষণ কার্যক্রম চালু করা হয়েছে।
খেলাধুলায় বাবার অবদানের স্মৃতিচারণ করে আফরোজ খানম রিতা বলেন, আমার বাবা দেশের শিল্প বিপ্লবে অগ্রণী ভূমিকার পাশাপাশি খেলাধুলার বিকাশেও আজীবন কাজ করে গেছেন।
এসময় মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন আইভী ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও টুর্নামেন্টের আহবায়ক গোলাম কিবরিয়া সাঈদও সদস্য সচিব বিশ্বাসসহ সরকারি কর্মকর্তা বৃন্দ, রাজনীতিবিদ-ক্রীড়াবিদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে সাত উপজেলা ও মানিকগঞ্জ পৌরসভারসহ মোট আটটি দল অংশ নেবে। উদ্বোধনী খেলায় শিবালয় উপজেলা দল ও সাটুরিয়া উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে সকাল সাড়ে ৯ টায় বহুল প্রতীক্ষিত মানিকগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক নবনির্মিত মুক্তিযোদ্ধা শিশু পার্ক উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, সিভিল সার্জন ডাক্তার আইভী ফেরদৌস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র