গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে হত্যা,গ্রেপ্তার ১

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে আজিজুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামী মশিউর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (২৯ নভেম্বর) রাতে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মশিউর রহমান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসবপুর গ্রামের মো. জসিজল হকের ছেলে। তিনি এই মামলার এজাহারে ২ নম্বর আসামি।
প্রেস বিজ্ঞপ্তিতে মামলার এজাহারের বরাত দিয়ে জানানো হয়, নিহত আজিজুল মিয়ার পরিবারের সঙ্গে অভিযুক্তদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।
গত ১৪ অক্টোবর দুপুরে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে একটি গোয়ালঘর নির্মাণ শুরু করলে আজিজুল মিয়া সেখানে এগিয়ে যান। এ সময় অভিযুক্তরা তাকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী শাপলা বেগমকেও মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর রাতে আজিজুল মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাপলা বেগম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৯ নম্বর হিসেবে নথিভুক্ত হয়।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় এসআরবি-১৩-এর গাইবান্ধার সিপিসি-৩ এবং গাজীপুরের পোড়াবাড়ীস্থ এসআরবি-১-এর সিপিএসসির যৌথ আভিযানিক দল কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মশিউর রহমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভোরের আকাশ/ এনউব