ঝিনাইদহে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, রতন মিয়া জিআর মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪ টার দিকে আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন মিয়াকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তার নামে কালীগঞ্জসহ বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ