নিরাপদ সড়কের দাবিতে মুক্তাগাছায় কাফনের কাপড় পরে যুবকদের গণস্বাক্ষর অভিযান

বেপরোয়া গতির 'রাজিব পরিবহন'-এর রোড পারমিট বাতিল এবং সড়কে সর্বসাধারণের নিরাপদ যাতায়াতের দাবিতে ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করছে একদল যুবক। ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা পৌরসভা সিএনজি স্টেশন এলাকায় পরনে কাফনের কাপড় জড়িয়ে পথচারী ও স্থানীয় মানুষের দ্বারে দ্বারে ঘুরে গণস্বাক্ষর সংগ্রহ করতে দেখা গেছে তাদের।
জাতীয় যুব ট্রাস্ট (এনসিপি) মুক্তাগাছা উপজেলা শাখার আয়োজনে গত রবিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে এক সপ্তাহব্যাপী। কর্মসূচি সমন্বয়ক ও এনসিপির মুক্তাগাছা উপজেলা সদস্য সচিব শেখ তুহিন জানান, গত শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায় রাজিব পরিবহনের বেপরোয়া গতির বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার একই পরিবারের চারজনসহ মোট সাতজন নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই রাজিব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে তারা মাঠে নেমেছেন।
শেখ তুহিন আরও অভিযোগ করেন, "রাজিব পরিবহনের রুট পারমিট মূলত জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের। কিন্তু মোটর মালিক ও শ্রমিক নেতাদের ম্যানেজ করে বাসটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে জামালপুর-মুক্তাগাছা-ঢাকা রুটে চলাচল করছে। প্রতিনিয়ত দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি ঘটলেও অদৃশ্য শক্তির কারণে এ পরিবহনের গতি থামানো যাচ্ছে না।" গণস্বাক্ষর অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে তিনি জানান।
কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। স্বাক্ষর করতে আসা স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, রাজিব পরিবহনের বেপরোয়া চলাচলে বহু পরিবার নিঃস্ব হয়েছে। এখনই সময় এই ঘাতক পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার।
বিষয়টি নিয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নাগরিক অধিকার হিসেবে শান্তিময় উপায়ে যে কেউ দাবি জানাতেই পারেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
অন্যদিকে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র জানান, যুবকদের কর্মসূচির বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও লিখিত কোনো স্মারকলিপি পাননি। লিখিত আবেদন জমা পড়লে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ আকারে পাঠানো হবে।
ভোরের আকাশ/ এনউব