ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মিষ্টির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকি করেছে উপজেলা প্রশাসন।
এ সময় অনিয়ম পাওয়ায় একটি মিষ্টি তৈরির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরীর নেতৃত্বে হ্নীলা পুরাতন বাজার ও হ্নীলা স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান, সার বিক্রয়কেন্দ্র, সারের গুদাম ও সবজি বাজার পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের পণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধি না করা, সঠিক ওজন নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ বিবেচনায় রেখে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
পরে হ্নীলা পুরাতন বাজারের ‘খিরসা বি’ নামের একটি মিষ্টি তৈরির কারখানায় অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া হ্নীলা স্টেশনের তিনটি সার ডিলার, কয়েকজন মুদি ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
অভিযান শেষে (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, অতিরিক্ত মুনাফা করা কিংবা ওজনে কম দেওয়ার সুযোগ নেই। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অননুমোদিতভাবে খাদ্যপণ্য তৈরির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থে বাজার তদারকি অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, টেকনাফ উপজেলা পরিষদের (সিএ) ছৈয়দ হোসাইন মামুন, হ্নীলা বাজারের ইজারাদার আব্দুল্লাহ বিন কাদের, মুদির দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইসমাইলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় হ্নীলা তরকারি বাজারের ফ্লোর নির্মাণ এবং সকালে বসা অস্থায়ী সবজি বাজারের জন্য ফ্লোর তৈরির বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইউএনও।
স্থানীয় বাসিন্দারা বলেন, বাজারে পণ্যের দাম, ওজন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি প্রয়োজন। তাঁদের প্রত্যাশা, ভোক্তাদের স্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে।
ভোরের আকাশ/ এনউব