রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত,আহত ৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে টিউবওয়েলে প্লাম্বারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আরফ (৪০) নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আরফ ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ-৫৬-এ ব্লকের বাসিন্দা ও মোহাম্মদ সাইদুল্লাহর ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, আরফ বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাইপ ফিটিং ও গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) মেরামতের শ্রমিক হিসেবে কাজ করতেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ৬ নম্বর আশ্রয়শিবিরে একটি টিউবওয়েলে প্লাম্বারের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যান এবং পুলিশকে খবর দেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ক্যাম্প ইনচার্জ গাজী শরিফ উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পে উন্নয়নমূলক কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এনউব