বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না: সেলিমুজ্জামান সেলিম

বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
তিনি বলেন, তোমরাই আগামীর ভবিষ্যৎ, তোমরাই আগামীর বাংলাদেশ। জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে এখন থেকেই পরিশ্রম করতে হবে। বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে এবং তাদের উপদেশ মেনে চলতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এম এ নাঈম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু।
মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুর ইসলাম রোমান, লোহাচুড়া দাখিল মাদ্রাসার সুপার ওহিদুজ্জামান, মৌলভী আঃ হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।
নওহাটা এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সমুজিত পাল, তাসফিয়া সাফারী সাফা।
অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
ভোরের আকাশ/আ.র