সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ জিহাদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টা সময় পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বরে মাদক বহন করার সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বর এলাকায় ইয়াবা চালান বহন করার সময় পথচারীর সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ধরা পড়ে গেল বিপুল পরিমাণ ইয়াবার চালান। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তখন হঠাৎ যুবকের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তখন যুবক অস্থিরতায় ব্যাগটি শক্ত করে চেপে ধরে রাখছিলেন। এ সময় আটক হওয়া যুবকের ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে এ ইয়াবা কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জাহিদুলের বাড়ী কক্সবাজারের টেকনাফ থানার রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা এলাকার জিয়াউর রহমানের ছেলে। কিছুদিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা পিএম মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এলাকাবাসীর সন্দেহে ওই যুবককে আটক করা হয়। পরে পুলিশকে খবর দিলে তাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সে ইয়াবা বহনের কথা স্বীকার করেছে। জিহাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.