এনসিপির কেন্দ্রীয় নেতার বেগুন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান সোহাগের ২৫ শতাংশ জমির বেগুন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার।
এর আগে গতকাল ১৬ আগস্ট গভীর রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তার নিজ গ্রামে এ ঘটনা ঘটে।
নাজমুল হাসান সোহাগ ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল, এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে নাজমুল হাসান সোহাগ বলেন, বেগুন গাছগুলোতে ফুল ধরেছে, গুটিও আসছে প্রায় গাছে। এসব জমির আয় দিয়েই আমাদের পরিবার চলে। আমি ভেবে পাচ্ছি না, কারা কেন সম্পূর্ণ জমির গাছগুলো নষ্ট করলেন। আমার জানামতে, আমাদের পরিবারের সাথে কারো কোন বিরোধ নেই।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার বলেন, এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন গাইবান্ধা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটনসহ দোষীদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
ভোরের আকাশ/জাআ