দাগনভূঞায় শিশু ধষর্ণ মামলায় প্রধান শিক্ষক বরখাস্ত

ভাড়াটিয়ার শিশুকে ধষর্ণের অভিযোগ ও থানায় মামলার পরিপ্রেক্ষিতে ফেনীর দাগনভূঞা উপজেলায় এক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত মঈন উদ্দিন চৌধুরী উপজেলার দক্ষিণ নেয়াজপুর মকবুল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) প্রশাসনিক তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা ও কর্মস্থলে অনুপস্থিতির প্রমাণ পাওয়ার পর দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাকে বরখাস্ত করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তার বাসার ভাড়াটিয়ার ছেলেকে বলাৎকারের অভিযোগ ওঠে। এই ঘটনার জের ধরে গত ৪ নভেম্বর ২০২৫ তারিখে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুসারে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ১৪। মামলার পর থেকেই অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এর আগে গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবি করেন।
পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি সরেজমিন তদন্তের নির্দেশ দেয়। তদন্তকারী কর্মকর্তা গত ৬ নভেম্বর এবং ১০ নভেম্বর ২০২৫ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার পর থেকে মঈন উদ্দিন চৌধুরী অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন এবং সরেজমিন পরিদর্শনেও তাকে পাওয়া যায়নি।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, যেহেতু তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হয়েছে এবং তিনি কর্মস্থলে অনুপস্থিত, তাই বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি বিধিমোতাবেক খোরাকি ভাতা হিসেবে বেতনের অর্ধেক প্রাপ্য হবেন।
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলাম স্বাক্ষরিত আদেশের অনুলিপি ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ফেনী জেলা প্রশাসক এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলার পলাতক অভিযুক্তকে আইনের আওতায় আনতে তৎপর রয়েছে।
ভোরের আকাশ/মো.আ.