দুই সপ্তাহ পর দেশে এসেছে মালয়েশিয়া প্রবাসীর মরদেহ

মালয়েশিয়ায় মৃত্যুর দুই সপ্তাহ পর শুক্রবার দেশে এসেছে প্রবাসী যুবকের মরদেহ। শুক্রবার (৩০ অক্টোবর) গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।
নিহত প্রবাসী মনিরুল ইসলাম (২৪) ওই গ্রামের ইয়াসিন আলীর ছেলে। সংসারে আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০২৩ সালে মালয়েশিয়ায় যান তিনি। গত ১৫ অক্টোবর মুঠোফোনে হঠাৎ তার মৃত্যুর সংবাদ পায় পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের অভাব-অনটন দুর করতে ২০২৩ সালের মার্চ মাসে একমাত্র ছেলেকে প্রবাসে পাঠায় বাবা ইয়াসিন আলী। এরপর গত ১৫ অক্টোবর মনিরুলের মৃত্যুর খবর পান তারা। কী ভাবে তার মৃত্যু হয়েছে, সেটা এখনো জানতে পারেননি তারা।
বাবা ইয়াসিন আলী কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছি, টাকা ইনকাম করে সংসারের অভাব দুর করতে। ছেলে যে টাকা পাঠাত তা দিয়ে ধারদেনা ধীরে-ধীরে শোধ করে সংসার চলত। এখন সংসার চলবে কেমন করে, বাকি দেনা শোধ ও আমাদের কী হবে বলে বিলাপ করতে থাকেন।
মনিরুলের মরদেহ বাড়িতে পৌছানোর পর বারবার মূর্ছা যাচ্ছিল মা মনোয়ারা বেগম। এ সময় তিনি বলেন, কী কারণে মারা গেছে আমার ছেলে, এখনো কেউ কিছুই জানায় নাই। এখন আমাকে মা বলে কে টাকা পাঠাবে, সংসার চলবে কিভাবে? মনোয়ারা বেগম আরও বলেন, যাদের সঙ্গে ছিল, তারা ফোন দিয়ে জানায়, রাতে ঘুমাইছে সকালে আর ওঠে নাই বলেই কান্নায় ভেঙ্গে পড়েন মা।
চাচা আলতাফ হোসেন জানান, বড় ভাই ছেলেকে অনেক আশা করে বিদেশে পাঠিয়েছিল কিন্তু সে ফিরল লাশ হয়ে। কী হয়েছে, সেটা আমরা সঠিক জানি না।
পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক থেকে ঘটনাটি জেনেছি। একজন প্রবাসীর মৃত্যু দুঃখজনক।
ভোরের আকাশ/ এনউব