কেরানিহাটে ফুটপাত উচ্ছেদ অভিযান, নিয়মিত তদারকির দাবি

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে অবৈধভাবে দখল হয়ে থাকা ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান চালাচ্ছে বান্দরবান সড়ক বিভাগ ও দোহাজারী সড়ক বিভাগ। তবে অভিযান ঘিরে স্থানীয়দের মনে দেখা দিয়েছে প্রশ্ন—উচ্ছেদের পর কত দিন দখলমুক্ত থাকবে ফুটপাত?
স্থানীয়দের অভিযোগ, সকালে উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হলেও বিকেল গড়াতেই আবার আগের চিত্র ফিরে আসতে পারে। ফুটপাত দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলায় পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এতে ব্যস্ত কেরানিহাট এলাকায় জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
স্থানীয়দের মতে, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। উচ্ছেদের পর নিয়মিত তদারকি, পুনরায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ফুটপাত দখলমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
তাঁদের দাবি, পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উচ্ছেদ-পরবর্তী ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। অন্যথায় সাময়িকভাবে ফুটপাত দখলমুক্ত করা হলেও কিছুদিনের মধ্যেই আবারও তা বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কেরানিহাটের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। তাঁদের প্রশ্ন, ‘সকালেই উচ্ছেদ, বিকেলেই পুনর্দখল’—এই চক্র থেকে কি মুক্তি পাবে কেরানিহাটের ফুটপাত? তাঁরা চান, উচ্ছেদ অভিযান যেন কেবল সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থাকে; বরং ফুটপাতগুলো স্থায়ীভাবে দখলমুক্ত রেখে পথচারীদের চলাচলের উপযোগী করা হয়।
ভোরের আকাশ/সু.পা