লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের অহংকার ও গর্বের জায়গা। কোনোভাবেই এই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া হবে না। শারদীয় দুর্গাপূজায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ বিন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাখাওয়াত জামিল, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দীন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুল্লাহ ইসলামাবাদীসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
ভোরের আকাশ/সু.পা