ঘোড়াঘাটে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

দিনাজপুরের ঘোড়াঘাটে মহালয়ার পর থেকেই ছড়িয়ে পড়েছে শারদীয় দুর্গাপূজার আমেজ। শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পাঁচ দিনের আনুষ্ঠানিকতা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ধূপধুনোর সুবাসে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো।
‘যা শুভ, তাই হোক প্রতিষ্ঠিত; অশুভ, তাই হোক বিনাশ’—এই মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর সকাল। নীল আকাশ, সাদা মেঘ আর প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে।
মন্দিরে মন্দিরে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। ঢাক-ঢোল, কাঁসা ও শঙ্খের ধ্বনির পাশাপাশি ভক্তদের উলুধ্বনিতে দেবী দুর্গাকে অশুভ শক্তির বিনাশে মর্ত্যে স্বাগত জানানো হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা।
এ বছর দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘোটকে (ঘোড়া) এবং কৈলাসে প্রত্যাবর্তন বা গমন নৌকায় হবে বলে প্রচলিত ধর্মীয় পঞ্জিকায় উল্লেখ রয়েছে। দুর্গতিনাশিনী দেবীর পূজাকে আনন্দমুখর করে তুলতে মণ্ডপে মণ্ডপে চলছে বর্ণাঢ্য আয়োজন ও সাজসজ্জার প্রস্তুতি।
ঘোড়াঘাট সার্বজনীন পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সরকার ও সাধারণ সম্পাদক সরূপ কুমার সাহা জানান, ঘোড়াঘাট পৌরসভাসহ উপজেলায় মোট ৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন রং ও সাজসজ্জার কাজ চলছে, যা কয়েক দিনের মধ্যে শেষ হবে। অন্যান্য বছরের মতো এবারও নিরাপত্তার বিষয়ে কোনো ঘাটতি থাকবে না বলে তাঁরা আশা প্রকাশ করেন। সবার অংশগ্রহণে নির্বিঘ্নে উৎসব উদ্যাপন করতে চান তাঁরা।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সব ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপিত হবে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা শুরুর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভোরের আকাশ/জেআ