টিউশনি করাতে যাওয়ার পথে স্কুলশিক্ষককে ছুরিকাঘাত

চট্টগ্রামের লোহাগাড়ায় টিউশনি করাতে যাওয়ার পথে নজরুল ইসলাম (৩৫) নামে এক স্কুলশিক্ষককে গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের শহীদ মেজর নাজমুল হক সড়কে এ ঘটনা ঘটে।
আহত নজরুল ইসলাম লোহাগাড়া সদর ইউনিয়নের উকিলের পাড়ার আবদুল গণির ছেলে। তিনি ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিউশনি করাতে যাওয়ার পথে শহীদ মেজর নাজমুল হক সড়কে একদল দুর্বৃত্ত নজরুল ইসলামের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতের ভাই নাজিম উদ্দিন জানান, ছুরিকাঘাতে নজরুল ইসলামের শরীরের পাঁচ স্থানে গুরুতর জখম হয়েছে। ঘটনার খবর শুনে তাদের মা অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন বলেন, গত ২২ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত নজরুল ইসলামের ভাই ও বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দীন তার সঙ্গে থানায় গিয়েছিলেন।
প্রধান শিক্ষক বলেন, এ কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাজিম উদ্দীনের ওপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারে। তার ধারণা, নাজিম উদ্দীনকে লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে ভুলবশত তার ভাই নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।
তবে হামলার কারণ সম্পর্কে পুলিশের তদন্ত বা অন্য কোনো পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জেআ