গোমস্তাপুরে অবৈধ সার বাণিজ্য: জেল ও জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিয়মবহির্ভূতভাবে ও ক্যাশমেমো ছাড়া সার বিক্রির অপরাধে মনিরুজ্জামান জীবন নামের এক ডিলারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে সার মজুদের দায়ে আব্দুর রশিদ নামের আরেক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে রহনপুর পৌরসভার মেসার্স কবীর ট্রেডার্স থেকে পাঁচ বস্তা ডিএপি সার অবৈধভাবে বিক্রি করে ধুলাউড়িতে নেওয়ার সময় স্থানীয়রা তা আটক করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পান এবং মেসার্স তাজ ট্রেডার্সের নতুন ডিলার ও ম্যানেজার মনিরুজ্জামান জীবনকে এই সাজা দেন।
অপরদিকে, বুধবার সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর থেকে অবৈধভাবে সার মজুদের উদ্দেশ্যে গোমস্তাপুরের শিমুলতলা এলাকায় নিয়ে আসার সময় স্থানীয়রা আরও কিছু সার আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান অভিযান চালিয়ে আব্দুর রশিদকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসাইন জানান, অনিয়মের খবর পেয়ে প্রশাসনকে দ্রুত অবহিত করা হয় এবং সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোরের আকাশ/সু.পা