বাগেরহাটে মানবাধিকার সুরক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সমাজে সর্বস্তরের মানুষের মানবাধিকার নিশ্চিতকরণ এবং তা সুরক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর এক বিশেষ আলোচনা সভা।
হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের (এমএসএফ) উদ্যোগে এবং ‘অ্যাসোসিয়েশন ফর সোসাইটিস হেল্পলেস’ (আস)-এর ব্যবস্থাপনায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ ও খসড়া গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে হিউম্যান রাইটস জার্নালিস্ট এসোসিয়েশন বাগেরহাটের সভাপতি আবু সাঈদ শুনু বলেন, "তৃণমূল পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন রোধে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। মানবাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের আরও সচেতন ও সোচ্চার হতে হবে।"
এর আগে স্বাগত বক্তব্যে ‘আস’ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও এমএসএফ-এর সদস্য সচিব মো. কামরুজ্জামান সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। আলোচনায় আরও অংশ নেন এমএসএফ-এর প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান এবং প্রকল্প সমন্বয়কারী সোফিয়া হাসীন।
সভায় উপস্থিত বাগেরহাটের কর্মরত সাংবাদিকরা মানবাধিকার রক্ষায় স্থানীয় গণমাধ্যমের ভূমিকা ও বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে তাঁদের মূল্যবান মতামত পেশ করেন। বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে এ ধরনের নেটওয়ার্কিং জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ভোরের আকাশ/ইউএম