প্রতিযোগিতার মাধ্যমে মেধার বিকাশ ঘটবে শিক্ষার্থীদের: এমপি রুহুল আমিন

শিক্ষার্থীদের মেধা যাচাই ও মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলাজুড়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে ইসলামিক এডুকেশন সোসাইটি। এর অংশ হিসেবে জীবননগর উপজেলায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪১৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। পুরো জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪০০ জনের বেশি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারি বৃত্তির পাশাপাশি বেসরকারি উদ্যোগে ইসলামিক এডুকেশন সোসাইটি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে এবং তারা ভবিষ্যতে আরও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত হবে।
তিনি আরও বলেন, পরীক্ষার হলগুলো ঘুরে দেখেছি, খুবই সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। বাইরে অভিভাবকেরা অপেক্ষা করছেন। আমি আশা করি, এসব শিক্ষার্থীর মধ্য থেকেই ভবিষ্যতে দেশ পরিচালনার যোগ্য মানুষ তৈরি হবে, যারা জীবননগরকে সারা বাংলাদেশে তুলে ধরবে।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, ইসলামিক এডুকেশন সোসাইটির সভাপতি হাফেজ বিল্লাল হোসেন, কেন্দ্র সচিব রেজাউল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, হল সুপার আবু বক্কর ছিদ্দিক, সহকারী শিক্ষক মিজানুর রহমান, আব্দুর রহমান, মহি উদ্দিন, তারেক আজিজসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
উল্লেখ্য, ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় জীবননগর উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ৪১৭ জন শিক্ষার্থী অংশ নেয়।
ভোরের আকাশ/সু.পা