পরিত্যক্ত ভবন থেকে যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

খুলনা মহানগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্তত ১০ থেকে ১৫ দিন আগে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ওই নারীর পরিচয় এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঅ্যান্ডবি কলোনির ছয়তলা একটি পরিত্যক্ত ভবনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আশপাশের আরেকটি ছয়তলা পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পাশ থেকে পাওয়া স্যান্ডেলসহ অন্যান্য আলামত পর্যবেক্ষণ করে নিহতের বয়স সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা চলছে।
ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। একই সঙ্গে ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।
ভোরের আকাশ/এনএস