বগুড়ায় প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬ তারিখ সকাল ১০ টায় বগুড়া সার্কিট হাউজ কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, বগুড়ার সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এই কর্মশালা আয়োজন করে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম। তিনি কর্মশালাটির উদ্বোধন করেন এবং ২য় সেশনে “গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধে গণমাধ্যম সম্পর্কিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রয়োগ ও প্রতিপালনের প্রয়োজনীয়তা” বিষয়ে বক্তব্য প্রদান করেন।
কর্মশালাটিতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার (পিপিএম) জনাব মির্জা সায়েম মাহমুদ। এছাড়া বগুড়ার সিনিয়র তথ্য অফিসার স্বাগত বক্তব্য প্রদান করেন।
কর্মশালার ১ম সেশনে “গুজব, ভুয়া খবর ও ঘৃণাত্মক বক্তব্য পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি অনুসরণ এবং সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য” বিষয়ে বক্তব্য রাখেন রিসোর্স পার্সন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) জনাব মোঃ আব্দুস সবুর।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত ও পরিচিতি পর্বের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী এই কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং শেষে সবাইকে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়।
ভোরের আকাশ/সু.পা