কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল

কুষ্টিয়া জেলা যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটির সভাপতি ফুহাদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনিসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে একটি জমকালো শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে জেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি ফুহাদ রেজা ফাহিম তার বক্তব্যে বলেন, এই কমিটিতে যারা এসেছে তারা সবাই সাবেক ছাত্রনেতা এবং বিগত ফ্যাসিস্ট আমলে মাঠে রাজনীতি করে এসেছেন। যেহেতু সবাই ছাত্ররাজনীতি করে এসেছি, তাই সবাই মিলে এই যুবদলকে সুসংগঠিত করবো।
অতীতের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ফাহিম আরও বলেন, গত নির্বাচনে বিশেষ করে ১২ই ফেব্রুয়ারিতে কুষ্টিয়ার ৪টি আসনের মধ্যে ৩টি আসন হারিয়েছি। এই কমিটির মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ আগামীতে সংগঠনকে আরও বেশি সুসংগঠিত করবো।
কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত কমিটির সহসভাপতি জাকারিয়া আনসার মিলন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা সম্পন্ন এই নেতৃবৃন্দের হাত ধরে কুষ্টিয়া জেলা যুবদল আরও গতিশীল হবে।
অতীতের সকল শূন্যতা ও দুর্বলতা কাটিয়ে আগামী দিনে সংগঠনটিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
মিছিলে নবগঠিত কমিটির সভাপতি ফুহাদ রেজা ফাহিম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহসভাপতি জাকারিয়া আনসার মিলন, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব