তালতলীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ

বরগুনার তালতলীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UzDMC) সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সাইক্লোন প্রস্তুতি ও অন্তর্ভুক্তিমূলক আশ্রয়কেন্দ্রের সহনশীলতা প্রকল্পের (KOICA_HPP Barguna Project) আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় সঞ্চালনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সুবির কুমার কর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার ।
এতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, রাখাইন সম্প্রদায়ের সদস্য এবং যুব স্বেচ্ছাসেবক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব, কর্তব্য ও কার্যপরিধি সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় দুর্যোগ মোকাবিলায় নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং প্রস্তুতি পরিকল্পনাগুলো বাস্তবে দ্রুত ও সমন্বিতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে জাগোনারীর কার্যক্রম এবং KOICA-এর অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা ও সমন্বয় বাড়ানোর মাধ্যমে তালতলী উপজেলাকে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং দুর্যোগ সহনশীল হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ভোরের আকাশ/সু.পা