কুড়িগ্রামে সার বিতরণ নিয়ে বিতর্কের মধ্যে তিন কর্মকর্তাকে বদলি

কুড়িগ্রামে সার বিতরণকে কেন্দ্র করে ধারাবাহিক বিশৃঙ্খলা, কৃষকদের বিক্ষোভ ও ভোগান্তির মধ্যে কুড়িগ্রাম কৃষি অধিদপ্তরের শীর্ষ পদসহ মোট তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ভুরুঙ্গামারীর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে ও রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া।
জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন উপপরিচালক হিসেবে ঢাকার খামারবাড়ির প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে পদায়ন করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খানের সই করা গত সোমবারের এক আদেশে আব্দুল্লাহ আল মামুনকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করা হয়। মঙ্গলবার সকালে ওই আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।
বুধবার বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, তাঁকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আদেশ অনুযায়ী বুধবার বিকেলের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) আবু মোঃ মনিরুজ্জামান জানান, এর আগে ভুরুঙ্গামারীর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে গত বৃহস্পতিবার লালমনিরহাটের আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে আদিতমারী উপজেলার কৃষি কর্মকর্তা ওমর ফারুক ভুরুঙ্গামারীতে পদায়ন করেছে। এছাড়াও রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়াকেও বদলী করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেন।
এদিকে জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, কুড়িগ্রামে সার বিতরণ ব্যবস্থাপনায় একের পর এক অনিয়ম ও বিশৃঙ্খলা এবং এতে কৃষকদের ভোগান্তির প্রেক্ষাপটে তাঁকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তবে সরকারি বদলি আদেশে এ কারণটি উল্লেখ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, কৃষি বিভাগের উপপরিচালক বদলি হয়েছেন। বুধবার নতুন উপপরিচালক হিসেবে একজন কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করবেন।
নতুন উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীর এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ভোরের আকাশ/ এনউব