প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হলে ঋণের ব্যবস্থা করব: এমপি মানিক

যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে যারা সফলভাবে ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রম পরিচালনা করতে পারবেন, তাদের ঋণপ্রাপ্তির ব্যবস্থা করতে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুর যুব ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
এমপি মানিক বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব উন্নয়ন কার্যক্রমের সূচনা করেন। বেকারত্ব দূরীকরণ এবং যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কাজে লাগিয়ে তরুণদের নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। মৎস্য চাষ ও গরু-ছাগল পালনের মতো খাতে যুব উন্নয়নের পরামর্শ নিয়ে উদ্যোক্তারা সফল হতে পারেন।
তিনি বলেন, আমি নিজেও একজন ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণ না করলেও মৎস্য চাষ ও গরু-ছাগল পালনের বিষয়ে এ প্রতিষ্ঠানের পরামর্শ নিয়ে থাকি। প্রশিক্ষণ নিয়ে যারা সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন, তাদের ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেব।
তরুণদের সম্ভাবনাময় নতুন খাতে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগামী দিনের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে সৌরবিদ্যুৎ। উদ্যোক্তারা সোলার নিয়ে কাজ করতে পারেন। মাছ চাষে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তাই তরুণদের উদ্ভাবনী ও আধুনিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হতে হবে। গরুর বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের মতো উদ্যোগও গ্রহণ করা যেতে পারে।
এমপি মানিক বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যে গরু ও ছাগল বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন, বাংলাদেশ যুবকদের দেশ। যুবকরাই তাদের মেধা, শ্রম ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
বিশিষ্ট সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির। সফল উদ্যোক্তা হিসেবে বক্তব্য দেন মো. আবু হানিফ ও মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব উন্নয়ন মসজিদের খতিব আবুল কাশেম।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুব ঋণের চেক, যুব সংগঠকদের সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়।
ভোরের আকাশ/সু.পা