সৈয়দপুরে পৃথক অভিযানে ১২ মাদক কারবারি গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টায় ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। সোমবার ও বুধবার (২১ ও ২৩ সেপ্টেম্বর) দু’দিন মাদকের বিস্তাররোধ ও মাদক কারবারিদের নির্মূলে সৈয়দপুর থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করেন।
সৈয়দপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত দু’দিন ধরে সৈয়দপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও আশেপাশের এলাকায় একাধিক দল গঠন করে অভিযান চালানো হয়। অভিযানে যুক্ত থাকা পুলিশ কর্মকর্তারা পৃথক স্থানে হানা দিয়ে মাদক কেনাবেচা ও সরবরাহের সাথে জড়িত ১২ জনকে গ্রেফতার করতে সক্ষম হন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সৈয়দপুর এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ জিরো-টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে বলে জানান তিনি।
ভোরের আকাশ/সু.পা