ছয় দশকের স্মৃতি নিয়ে বুখাইনগর বিদ্যালয়ের প্রাক্তনীদের মিলনমেলা

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ঐতিহ্যবাহী বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি (১৯৬৬–২০২৬) উপলক্ষে হীরক জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে। ছয় দশকের প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করার এই অরাজনৈতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন ব্যাচের প্রাক্তনীরা। তবে এ আয়োজনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন আয়োজক কমিটি ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
আয়োজকদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পুনর্মিলনী আয়োজনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিচ্ছে। এর ফলে ‘আজকের তালাশ’ অনলাইন ও প্রিন্ট সংস্করণে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে দাবি তাঁদের। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে আয়োজকরা বলেছেন, কোনো গুজব বা বিভ্রান্তি প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলাকে থামিয়ে দিতে পারবে না।
আয়োজক সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে আয়োজন, ব্যাচভিত্তিক প্রতিনিধি নির্বাচন, নিবন্ধন প্রক্রিয়া ও পরবর্তী কার্যক্রমের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়। এতে বিদ্যালয়ের সিনিয়র ও জুনিয়র প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজকরা জানান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী একটি সামাজিক, অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক আয়োজন। ১৯৬৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিদ্যালয়ে অধ্যয়ন করা সব প্রাক্তন শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন। তাঁদের রাজনৈতিক মতাদর্শ, পেশা, ধর্ম কিংবা বর্ণের পরিচয় এখানে মুখ্য নয়; বরং বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও বন্ধনই এ আয়োজনের মূল ভিত্তি।
অপপ্রচারের বিষয়ে আয়োজক ও প্রাক্তনী প্রতিনিধিরা বলেন, “বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয় আমাদের সবার স্মৃতিবিজড়িত শিকড়। বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরক জয়ন্তী ও পুনর্মিলনী সম্পূর্ণ অরাজনৈতিক। একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। তবে প্রাক্তনীরা সচেতন। কোনো গুজবে কান না দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে পুনর্মিলনী সফল করতে কাজ করছেন।”
আয়োজক কমিটি সব প্রাক্তন শিক্ষার্থীকে বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত না হয়ে মূল আয়োজনের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি শিগগিরই শুরু হতে যাওয়া নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিয়ে পুনর্মিলনী সফল করতে সবার সহযোগিতা কামনা করেছে তারা।
ভোরের আকাশ/জেআ