মাদকমুক্ত সমাজ গড়তে শ্রীপুরে ম্যারাথন

শুরু করুন দৌড়, বন্ধ করুন মাদক এই স্লোগানে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ম্যারাথন । শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৬ টায় রাজেন্দ্রপুর ল্যাবরেটরি স্কুলের সামনে থেকে শুরু হওয়া এ ম্যারাথন থেকে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
নয়নপুর যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, মাদক আমাদের ধ্বংস করে দিচ্ছে। যুবসমাজকে মাদকের কারণে ধ্বংস হতে দেওয়া যাবে না। যুবসমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, একটি সুস্থ জাতি ও সমাজ গঠনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোন বিকল্প নাই ।
এসময় ম্যারাথনে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, সিআইডি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালেক, ডা. শফিক, অধ্যক্ষ মীর মনিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন এমন বার্তার মধ্য দিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
ভোরের আকাশ/ এনউব