কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সমবায়ের মাধ্যমে দেশ গঠন ও সবার জন্য সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে গাজীপুরের কাপাসিয়ায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১০ জন সফল সমবায়ী উদ্যোক্তাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও সমবায়ী সংগীত পরিবেশন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল আমিন পাপন।
বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন আরজু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি ও নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জান্নাতুন শাহীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, জেলা কৃষক দলের সদস্যসচিব ফকির ইস্কান্দার আলম জানু, বিএনপি নেতা আজগর হোসেন খান, সমবায়ী সংগঠক মোহাম্মদ তাজউদ্দীন, কাপাসিয়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক নূরুল আমিন সিকদার ও সমবায়ী ইলিয়াস হোসেন সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে ১০ জন শ্রেষ্ঠ ও সফল সমবায়ী উদ্যোক্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ।
ভোরের আকাশ/সু.পা