শ্রীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, ক্ষতি ৩০ লাখ টাকা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারগারচালা চৌরাস্তা এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে গোডাউনের ভেতরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে গোডাউনের মালামাল পুড়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোডাউনের ভেতরে আগুন পুরোপুরি নির্বাপণ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।
স্থানীয় বাসিন্দারা জানান, হাবিবুর রহমান, শুরুজ আলী, আমান উল্লাহ ও জাবেদ আলী যৌথভাবে গোডাউনটি পরিচালনা করেন। ভোরে গোডাউনের ভেতরে একটি অটোরিকশা চার্জে থাকা অবস্থায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোডাউনের মালিক হাবিবুর রহমান বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেছি। হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। কিছুই বাঁচাতে পারিনি।’
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, ‘ভোর ৫টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।’
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।
ভোরের আকাশ/সু.পা