দুপুরে দরজা ভেঙে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে কামরুল তালুকদার (৫৫) নামে এক ঢেউটিন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ভাড়া বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
নিহত কামরুল তালুকদার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার চালাষ মধ্যপাড়া গ্রামের মৃত ছাওয়ার তালুকদারের ছেলে। দীর্ঘ প্রায় দুই দশক ধরে তিনি দিগপাইত উপ-শহরে বসবাস করে ঢেউটিনের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দিগপাইতের সিরাজুল ইসলাম বিএসসি মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় একাই বসবাস করতেন কামরুল তালুকদার। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তার কক্ষের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে সন্দেহের সৃষ্টি হয়। পরে প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
কামরুল তালুকদারের দোকানের কর্মচারী গোপাল জানান, সকাল ১০টার দিকে তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। পরে দুপুর ১টার দিকে দেখা করতে এসে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে সবাই মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক কলহের জেরে প্রায় পাঁচ বছর আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর থেকে তিনি একাই দিগপাইতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
খবর পেয়ে নারায়নপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই