গাজীপুরে দুই বাসে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন জানান, ফজরের আযানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভি আই পি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশে পুড়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খানকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় এ ঘটনায় তার বক্তব্য পাওয়া যায়নি।
অপরদিকে, কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১দিকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকার ওই সড়কে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৮ টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মন্জুরুল ইসলাম এসব তিথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর কাশিমপুরের চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন। রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। একপর্যায়ে তারা বাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ওই সময় বাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের বেশ কিছু আসনসহ যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাসের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ভোরের আকাশ/তা.কা