`নিজেদের পরিবর্তনের মাধ্যমে শিক্ষার মান উন্নত করতে হবে'

নিজেদের দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আশপাশে ময়লা ফেলা যাবে না।
নিজেরা অন্যায় করা যাবে না, কাউকে অন্যায় করতেও দেওয়া যাবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। নিজেদের পরিবর্তন করতে পারলেই সমাজ ও দেশকে উন্নত করা সম্ভব।
রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকেলে দিনাজপুরের বিরল মহিলা কলেজ প্রাঙ্গণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে। দুর্বল শিক্ষার্থীদের প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানেই আলাদাভাবে যত্ন নিতে হবে। শিক্ষকেরা যদি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে শিক্ষার্থীদের আর কোচিংয়ের প্রয়োজন হবে না। শিক্ষার মান উন্নত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিরল মহিলা কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিরল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি ও কলেজ গভর্নিং বডির সদস্য আসাদুল হক হীরা এবং সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিরল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শাকিলা পারভীন।
ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
ভোরের আকাশ/রই