বাউফলে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর রুহুল আমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।
নিখোঁজের আট দিন পর তাঁর শরীরের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধারের তিন দিন পর এবার মাথা ও দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কচুরিপানায় ঢাকা একটি ডোবা ও ধানখেত থেকে মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। নিহত রুহুল আমিন (৬০) একই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমিন।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে পোনাহুরা এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। এ সময় তাঁর কথাবার্তায় অসংগতি রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে শাহিদা আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
এরপর গত ১২ নভেম্বর পোনাহুরা এলাকার একটি ধানখেত ও জমির আইল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরদিন একই এলাকার আরেকটি স্থান থেকে আরও একটি হাত উদ্ধার করা হয়।
পরে স্বজনরা উদ্ধার হওয়া অঙ্গপ্রত্যঙ্গ দেখে সেগুলো রুহুল আমিনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে নেমে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আবুল বশার নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, রুহুল আমিনের সঙ্গে শাহিদা বেগমের দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমিন তিন লাখ টাকা নিয়েছিলেন।
এর মধ্যে দেড় লাখ টাকা ফেরত দেওয়া হলেও বাকি টাকা নিয়ে বিরোধের অবসান হয়নি। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ও ব্ল্যাকমেইল নিয়ে বিরোধের বিষয়টিও তদন্তে উঠে এসেছে।
পুলিশের দাবি, এই বিরোধের জেরে রুহুল আমিনকে হত্যার পরিকল্পনা করা হয়। এ জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন, যার মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পরিকল্পনা অনুযায়ী গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে রুহুল আমিনকে ডেকে নিয়ে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। পরে আবুল বশার ও তাঁর সহযোগী সোহেল সেখানে গিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে উঠে এসেছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, প্রাথমিক তদন্ত ও আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
গ্রেপ্তার দুজনকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/রই