বরিশালকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে বিএমপি কমিশনারের ‘জিরো টলারেন্স’ ঘোষণা

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ (ডিআইজি) দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। মাদকবিরোধী অভিযান, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাঁর কঠোর অবস্থান আলোচনায় এসেছে।
আগামী ২৩ জুনকে কেন্দ্র করে নগরীতে কোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ মিছিল-মিটিং বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিএমপি। এ লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে কয়েকজন চিহ্নিত বিশৃঙ্খলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, বর্তমান পুলিশ কমিশনার দায়িত্ব গ্রহণের পর থেকে বরিশাল মহানগর এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা কমেছে। কমিশনারের নির্দেশনায় নগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ গণমাধ্যমকে বলেন, “আমি যতদিন বরিশালে দায়িত্ব পালন করব, ততদিন এই নগরীকে শান্তিপূর্ণ ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। বরিশালকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত নগরীতে পরিণত করাই আমাদের লক্ষ্য। জনগণ যাতে নির্বিঘ্নে পুলিশি সেবা পেতে পারেন, সে জন্য বাহিনীর প্রতিটি সদস্যকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করাই আমাদের প্রধান অঙ্গীকার।”
সংশ্লিষ্টদের মতে, বিএমপির ধারাবাহিক কার্যক্রম ও তৎপরতার ফলে বরিশাল ধীরে ধীরে আরও নিরাপদ নগরী হিসেবে পরিচিতি লাভ করছে।
ভোরের আকাশ/এম