জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফুটবল ম্যাচে ফরিদপুর পৌরসভার জয়লাভ

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে ফরিদপুর জেলা প্রশাসন দলকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে পৌরসভা দল।
খেলার দ্বিতীয়ার্ধে পৌরসভা দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন সবুজ। প্রদর্শনী ম্যাচ হলেও খেলায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রতিদ্বন্দ্বিতার আমেজ। উভয় দলে প্রায় ৫০ জন করে খেলোয়াড় অংশ নেন। ৮ বছর বয়সী শিশু থেকে শুরু করে ৬০ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচটি হয়ে ওঠে ব্যতিক্রমী।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, জেলা তথ্য অফিসের কর্মকর্তা মো. মোজাম্মেল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ এস এম মইনুল হোসেন, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যসচিব মতিয়ার রহমান মোকসেদ ও সদস্য আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন। তাঁদের মতে, বয়সের ব্যবধান ভুলে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার এ উদ্যোগ প্রশংসনীয়।
গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি জহিরুল ইসলাম জিননাহ, প্রিয়ন্তি দে ও মো. আশরাফ ।
ভোরের আকাশ/রই