কুড়িগ্রামে ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণে চেক বিতরণ ও প্রশিক্ষণ

কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের স্মল বিজনেস মাইক্রোফাইন্যান্স অ্যান্ড মাইক্রো এন্টারপ্রাইজ ফান্ড (SBMMEF) প্রকল্পের আওতায় চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে কর্মসংস্থান ব্যাংকের কুড়িগ্রাম শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক ও SBMMEF কর্মসূচির প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান এবং ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ. আকতার হোসেন প্রধান।
কর্মসংস্থান ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মুঞ্জু রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অরুন কুমার চৌধুরী বলেন, SBMMEF প্রকল্পের আওতায় ঋণ সুবিধা দেওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ এবং বাজারসংযোগের সুযোগ তৈরি করা হবে।
তিনি বলেন, শুধু ঋণ বিতরণের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসার বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। এ সময় উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের পাশাপাশি ব্যবসা পরিচালনা, হিসাব ব্যবস্থাপনা ও ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কর্মসূচিতে প্রকল্পের আওতায় পাঁচজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তার মধ্যে চেক বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
ভোরের আকাশ/জেআ