নিলামের দাবি স্থানীয়দের
চুরি হচ্ছে পরিত্যক্ত ভবনের জানালা-দরজাসহ মালামাল

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিলামের ব্যবস্থা না থাকায় ভবনটির জানালা-দরজাসহ বিভিন্ন মালামাল একের পর এক চুরি হয়ে যাচ্ছে।
এমনকি ভবনের দেয়াল ভেঙে ইটসহ বিভিন্ন উপকরণ নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। এ অবস্থায় দ্রুত ভবনটি নিলামে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
জানা যায়, ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে দিনাজপুর গণপূর্ত বিভাগ। পরে ওই জায়গায় নতুন ভবন নির্মাণ করা হয়। কয়েক বছর আগে নতুন ভবনটির উদ্বোধনের পর সেখানে সাব-রেজিস্ট্রার অফিসের কার্যক্রম শুরু হয়। এরপর থেকেই পুরোনো ভবনটি অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটির কোনো কার্যকর রক্ষণাবেক্ষণ নেই। ফলে জানালা-দরজা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি ভবনের দেয়াল ভেঙে ইটসহ নির্মাণসামগ্রী নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের মতে, পরিত্যক্ত ভবনটি যথাযথ প্রক্রিয়ায় নিলামে বিক্রি করা হলে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেতে পারত। কিন্তু দীর্ঘদিনেও দিনাজপুর গণপূর্ত বিভাগ এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি বলে তাঁদের অভিযোগ।
এ অবস্থায় ভবনটি নিলামে না তোলার কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, বিষয়টি গণপূর্ত বিভাগের নজরে থাকলে এখনো কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না? স্থানীয় সুধীজন জরুরি ভিত্তিতে পরিত্যক্ত ভবনটি নিলামে তোলার পাশাপাশি সরকারি সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দিনাজপুর গণপূর্ত বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।
ভোরের আকাশ/সু.পা