ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা দামোদর থানাধীন পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫), বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৫২) ও নওগাঁ জেলার বাদলগাছি উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের আ. মজিদের স্ত্রী সুবর্না আক্তার (২৩)।
স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একজন নারী ও দুজন পুরুষ নিহত হন এবং আহত হন দুই বাসের অন্তত ১৫ জন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নারী ও হাসপাতালে নেওয়ার পর দুজন পুরুষের মৃত্যু হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ