কক্সবাজার ও বান্দরবানে পূজামণ্ডপ নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৫

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কক্সবাজার ও বান্দরবান জেলার ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, বিশৃঙ্খলা ও নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে ব্যাটালিয়নটি। পূজামণ্ডপগুলোতে টহল, মোটরসাইকেল পেট্রোলিং, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং অনলাইন মনিটরিং জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ বছর কক্সবাজার জেলায় ৩২৪টি এবং বান্দরবান জেলায় ৩৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হতে যাচ্ছে। এসব মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে বিশেষ নজরদারিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৫ মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানোর পাশাপাশি পূজামণ্ডপ এলাকায় নিয়মিত টহল এবং মোটরসাইকেল পেট্রোলিং পরিচালনা করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকেন্দ্রিক গুজব ও অপপ্রচার প্রতিরোধে অনলাইন মনিটরিং এবং পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং ও হয়রানি ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসময় আরও বলেন, পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় ব্যাটালিয়নের সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
এসআরবি-১৫ জানায়, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে নাশকতার কোনো তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সার্বিক প্রস্তুতি অব্যাহত থাকবে। ব্যাটালিয়ন সদরে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড বা অপ্রীতিকর পরিস্থিতির আভাস পাওয়া গেলে দ্রুত এসআরবি-১৫-কে জানানোর আহ্বান জানানো হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে সবার সহযোগিতা কামনা করা হয়।
ভোরের আকাশ/সু.পা