জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

জয়পুরহাট শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ৩টার দিকে শহরের কড়াই ফ্যাক্টরির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত বিকাশ চন্দ্র বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মপাড়া গ্রামের বাবলু চন্দ্র কর্মকারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাশ চন্দ্র দীর্ঘদিন ধরে জয়পুরহাটের পাকারমাথা দাদরা এলাকায় তাঁর বোনের বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে পাকারমাথা এলাকা থেকে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পথে কড়াই ফ্যাক্টরির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা