শ্রমিক আন্দোলনে গাজীপুরের শতাধিক কারখানায় বন্ধের নোটিশ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে উত্তাল হয়ে উঠেছে পোশাকশিল্প এলাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর আড়াইটার পর শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
দুপুর ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। মিছিল নিয়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার, মেম্বারবাড়ী, শিরিরচালা, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী ও ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে শ্রমিকরা মিছিল নিয়ে শ্রীপুরের মাস্টারবাড়ী সড়কের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন। এ সময় হ্যামস গার্মেন্টসসহ কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া মহাসড়কের আশপাশের কয়েকটি পোশাক কারখানার ফটকে হামলার অভিযোগ পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে শ্রমিকদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়। দফায় দফায় সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
এদিকে শ্রমিক বিক্ষোভ ও নিরাপত্তার কারণে গাজীপুরের বিভিন্ন এলাকার শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাগুলোর ফটকে ছুটির নোটিশ টানিয়ে দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হোপলোন অ্যাপারেলস, মাসকো কটন, মাসকো টেক্স, মাসকো জি-১ ও জি-২, জারমস ইন্ডাস্ট্রিজ, বেইস ফ্যাশন, ভিয়েলাটেক্স, ঐশী ফ্যাশন, তানাজ ফ্যাশন, এসএস সোয়েটার, মিক সোয়েটার, লুজিন ফ্যাশন, কটন ক্লথিং, টিপিও গার্মেন্টস, স্পিরিট গার্মেন্টস, সিভিউ গার্মেন্টস, পার্কভিউ গার্মেন্টস, রিওলাইফ, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস, টাউজার ল্যান্ড, লাকি স্টার গার্মেন্টস, রয়েল ফুটওয়্যার, তোসুকা অ্যাপারেলস, ইকো টেক্স, ফকিরা গার্মেন্টস, মন্ডল ইন্টিমেটস, গোল্ডেন রিফিট, এসরোটেক্স, এমএইচসি গার্মেন্টস, সাবলাইন, ডেনিম্যাক, ফখরুদ্দিন টেক্সটাইল, আমান টেক্স, চিটাগাং ডেনিম ও লাক্সমা ইনার লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
গাজীপুরের বাঘের বাজার এলাকায় দায়িত্ব পালনকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়া বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিভিন্ন কারখানার শ্রমিকরা অবরোধ করেছিলেন। তাৎক্ষণিকভাবে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে কিছুটা ধীরগতি আছে।
ভোরের আকাশ/সু.পা