পিরোজপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, আটক ২

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে যোগ দিতে এসে ছাত্রদল ও জনতার হাতে আটক হয়েছে ছাত্রলীগের দুই কর্মী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) সন্দ্যায় উপজেলার ইন্দেরহাট বন্দরের সরকারি স্বরূপকাঠি কলেজ সংলগ্ন এলাকায় মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময় ও সরকারি স্বরূপকাঠি কলেজের সাবেক সভাপতি সানাউল রেজা সৌরভ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় একটি মিছিল বের হয়ে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। এ সময় মিছিলকারীরা ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’ এবং ‘আউয়াল ভাইয়ের নির্দেশে আমরা আছি রাজপথেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং মিছিলে অংশগ্রহণকারীরা নিজেরাই ভিডিও ধারন করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সরকারি স্বরূপকাঠি কলেজ ছাত্রদলের সভাপতি মো. তুষার আমীন অপু বলেন, মিছিলের খবর শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সাবেক ছাত্রলীগ নেতা তন্ময়ের ও সৌরভের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়েছিল। মিছিলটি এক থেকে দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি। আমরা মিছিল প্রতিহত করে মিছিলে অংশ নেওয়া দুজনকে পুলিশের হাতে তুলে দিয়েছি।
নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজীব জানান, মিছিলের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যান। নিষিদ্ধ ছাত্রলীগকে কোনোভাবেই রাস্তায় নামতে দেওয়া হবে না।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন,ছাএলীগের একটি মিছিল বের হয়েছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় সম্পর্কে তিনি সাংবাদিকদের বিস্তারিত জানায়নি।
ভোরের আকাশ/আ.র