সাংবাদিককে প্রাণনাশের হুমকি
অনিয়ম ও ভুল চিকিৎসার প্রশ্নে ক্ষিপ্ত চিকিৎসক

খুলনার কয়রায় অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যু, দুই রোগীর মূত্রনালিতে জটিলতা এবং সরকারি পরিদর্শনে পাওয়া ১২টি অনিয়ম নিয়ে প্রকাশিত সংবাদের ফলোআপ করতে গিয়ে এক সাংবাদিককে গালাগালি, মারতে তেড়ে আসা ও ধরে বেঁধে রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আনিসা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনার দায়িত্বে থাকা ডা. সুজাত আহমেদের বিরুদ্ধে।
সংরক্ষিত অডিওতে তাঁকে সাংবাদিকের উদ্দেশে “তোর পিঠের চামড়া তুলে নেব”, “তোমারে ধরে বেঁধে রাখব” এবং “আমার নামে নিউজ করার সাহস পাও কোথায়” বলতে শোনা যায়।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডা. সুজাত আহমেদের ব্যক্তিগত চেম্বারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. ইউনুস আলী বাংলাবাজার পত্রিকা ও খুলনা টাইমসের কয়রা প্রতিনিধি।
গত ১৯ অক্টোবর দুই পত্রিকায় “টিনের চালের নিচে অস্ত্রোপচার, প্রসূতির মৃত্যু” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে আনিসা ক্লিনিকে অস্ত্রোপচারের পর এক নারীর মৃত্যু, আরও দুই রোগীর মূত্রনালিতে জটিলতা এবং চিকিৎসাব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।
এর আগে ১১ অক্টোবর উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি দল ক্লিনিকটি পরিদর্শন করে। সেখানে চিকিৎসক, নিবন্ধিত নার্স, অ্যানেস্থেসিয়া ব্যবস্থাপনা, অস্ত্রোপচারের নথি, ব্যবস্থাপক, পরিবেশগত ছাড়পত্র ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সসহ ১২টি অনিয়ম চিহ্নিত হয়। তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে ক্লিনিক কর্তৃপক্ষকে কৈফিয়ত তলব করা হয়।
ফলোআপ প্রতিবেদনের জন্য কয়েক দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও ডা. সুজাতের বক্তব্য পাওয়া যায়নি। পরে সরাসরি তাঁর চেম্বারে যান সাংবাদিক ইউনুস আলী।
অডিও অনুযায়ী, আনিসা ক্লিনিকের ১২টি অনিয়মের বিষয়ে জানতে চাইলে ডা. সুজাত প্রথমে চিঠি পাননি বলে দাবি করেন। অনিয়মগুলো কী জানতে চাইলে স্বাস্থ্য বিভাগের চিঠিটি তাঁকে পড়ে শোনানো হয়।
এ সময় সঙ্গে থাকা সহকারী তাঁর বক্তব্য ভিডিও ধারণ করতে গেলে তিনি আপত্তি জানান। সঙ্গে সঙ্গে ভিডিও বন্ধ করা হয়। পরে ডা. সুজাত বলেন, “আমি এগুলো শুনতে রাজি না। যে আপনাদের চিঠি দিয়েছে, তারে গিয়ে শুনান। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই।”
ডা. সুজাত চিঠি পাননি দাবি করলেও গ্রহণ কপি ও ক্লিনিকের কর্মীর বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে। গ্রহণ কপিতে ক্লিনিকের রিসেপশনকর্মী তানিয়া আফরোজের নামের পাশে “বুঝিয়া পাইলাম” লিখে স্বাক্ষর রয়েছে।
তানিয়া আফরোজ বলেন, “আমি আনিসা ক্লিনিকের রিসেপশনে কর্মরত। গ্রহণ কপির স্বাক্ষরটি আমার। ১২ অক্টোবর চিঠিটি গ্রহণ করে স্যারকে বুঝিয়ে দিয়েছি।”
পরে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোছা. আনিসা আক্তার লিলি স্বাস্থ্য বিভাগের কাছে লিখিত জবাব দেন। জবাবপত্রের ওপরে ২১ অক্টোবর, স্বাক্ষরের পাশে ২৫ অক্টোবর এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের গ্রহণ সিলে ২৭ অক্টোবর তারিখ রয়েছে।
অর্থাৎ ক্লিনিক কর্তৃপক্ষ চিঠিটি গ্রহণ করে তার জবাবও দিয়েছে। অথচ ১৩ নভেম্বর ডা. সুজাত চিঠি পাননি বলে দাবি করেন।
লিখিত জবাবে অনিয়ম সংশোধনের প্রমাণ দেওয়ার পরিবর্তে ক্লিনিকটির দূরত্ব, কম খরচে দরিদ্র মানুষের চিকিৎসা এবং প্রতিষ্ঠানটি বন্ধ হলে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে—এমন যুক্তি তুলে ধরে ক্ষমা চাওয়া হয়েছে।
জবাবে বলা হয়েছে, ডা. সুজাত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালকের স্বামী। সরকারি ছুটির দিনে তিনি আনিসা ক্লিনিকে অস্ত্রোপচারসহ চিকিৎসাসেবা দেন। তবে অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেসিয়া চিকিৎসক, সার্বক্ষণিক চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল উপস্থিত থাকার প্রমাণস্বরূপ কোনো নথি জবাবের সঙ্গে দেওয়া হয়নি।
প্রতিষ্ঠানটিতে কোনো ল্যাবরেটরি পরীক্ষা করা হয় না এবং কোনো ল্যাব টেকনিশিয়ান নেই বলেও জবাবে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্রের বদলে উভয় অনুমোদনের আবেদন প্রক্রিয়াধীন থাকার কথা বলা হয়।
অ্যাম্বুলেন্স থাকার দাবির সমর্থনে দুটি বেসরকারি অ্যাম্বুলেন্সের মালিক ও চালকদের সঙ্গে জরুরি রোগী পরিবহনের মৌখিক চুক্তির কথা বলা হয়েছে। তবে কোনো লিখিত চুক্তি দেখানো হয়নি।
কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, “তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। তারা নির্ধারিত সময়ে দেয়নি। প্রায় ১০ দিন পর দেওয়া জবাবটিও গ্রহণযোগ্য হয়নি।”
তিনি বলেন, “পরিদর্শনে পাওয়া অনিয়মগুলোর কোনো সংশোধন এখনো হয়নি। সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ডা. সুজাতের চিঠি না পাওয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, “ক্লিনিক কর্তৃপক্ষ চিঠি গ্রহণ করেছে এবং লিখিত জবাবও দিয়েছে। কোনো চিঠি না পেলে তারা উত্তর দিল কীভাবে?”
ডা. রেজাউল আরও বলেন, “বিএমডিসির নিয়ম অনুযায়ী তারা সেখানে অস্ত্রোপচার করতে পারে না। বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আমাদের অগোচরে হয়তো অস্ত্রোপচার করে থাকতে পারে।”
সাংবাদিককে হুমকির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রমাণসহ লিখিত অভিযোগ পেলে বিএমডিসির বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।
সংরক্ষিত অডিওতে ডা. সুজাতকে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুমকি দিতে এবং তাঁর নামে সংবাদ প্রকাশের সাহস কোথায় পেয়েছেন—এমন প্রশ্ন করতে শোনা যায়।
একপর্যায়ে তিনি বলেন, “আমার কাছে না শুনে তুমি নিউজ করার সাহস পাও কোথায়? তোমারে ধরে বেঁধে রাখব।”
সাংবাদিক তাঁর আচরণের প্রতিবাদ জানালে ডা. সুজাত বলেন, “তোর পিঠের চামড়া তুলে নেব।” তাঁকে আরও বলতে শোনা যায়, “তুই জায়গীরমহলে আসলে ধরে বেঁধে রাখব।”
প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, “আমি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলাম। ভিডিওতে আপত্তি জানানোর সঙ্গে সঙ্গে রেকর্ড বন্ধ করা হয়। এরপর ডা. সুজাত গালাগালি করেন এবং ধরে রাখা, মারধর ও পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন।”
তিনি বলেন, “একপর্যায়ে ডা. সুজাত মারতে তেড়ে আসেন। তাঁর ক্লিনিকের লোকজন জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ইউনুস আলী ঘটনাস্থল থেকে বের হন।”
ইউনুস আলী জানান, কথোপকথনের মূল অডিও, স্বাস্থ্য বিভাগের চিঠি ও গ্রহণ কপি, ক্লিনিকের লিখিত জবাব, ফোনকলের তালিকা, হোয়াটসঅ্যাপ বার্তা এবং প্রত্যক্ষদর্শীর বক্তব্য সংরক্ষিত রয়েছে।
সাংবাদিককে হুমকি, মারতে তেড়ে আসা এবং ক্লিনিকের অনিয়মসংক্রান্ত অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে ঘটনার পর ডা. সুজাত আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি কল গ্রহণ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় থানা, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং স্থানীয় প্রশাসনে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ক্লিনিকের অনিয়মের বিষয়ে বক্তব্য নিতে গিয়ে সাংবাদিককে হুমকির এ ঘটনায় স্বাধীন সংবাদ সংগ্রহ, সাংবাদিকের নিরাপত্তা এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।
ভোরের আকাশ/রই