কালীগঞ্জে গাঁজাসহ নাহিদ গ্রেপ্তার, স্ত্রী পলাতক

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ নাহিদ দর্জি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রিতে ব্যবহারের অভিযোগে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৩২) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাহিদ পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা।
এ ছাড়া তাঁর কাছ থেকে সিম্পনী ডি৮৯ মডেলের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার নাহিদ দর্জি ও পলাতক ফাতেমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৪(১০)২৬।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মধ্য খলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাহিদ দর্জিকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও জানান, শুক্রবার দুপুরে নাহিদকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ফাতেমা বেগমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান রয়েছে জানিয়ে ওসি মাদকমুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
ভোরের আকাশ/সু.পা