চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, আহত ২

কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের আক্রমণে নুরুল হক নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে ১১ বছর বয়সী ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিশু তাসমিন (৩) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রোববার (৬ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
নিহত নুরুল হক উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে। আহত ফাতেমাও একই এলাকার ছিদ্দিক আহমেদের মেয়ে। অপর আহত শিশু তাসমিন রাসেলের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে তিন শিশু খেলছিল। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। ভিমরুলের কামড়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন।
আহত ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়। তাসমিনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরওয়ার ওসমান খোকা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলোর খোঁজখবর নিয়েছেন। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/জেআ