পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ আটক ১

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. রাজিব খান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় বাঁশবাড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রাজিব খানকে আটক করা হয়।
পরে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পিস্তলটির গায়ে ‘Made in USA, N1101’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক রাজিব খান বর্তমানে পিরোজপুর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের (The Arms Act, 1878) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযানের বিষয়টি রোববার রাতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
ভোরের আকাশ/জেআ