সিদ্ধিরগঞ্জে দেশীয় এলজি ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধকৃত জুট মিলে অভিযান চালিয়ে ১টি দেশীয় এলজি ও শটগানের ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১১।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার আটি এলাকায় দীর্ঘদিন বন্ধকৃত মনোয়ারা জুট মিলে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি ১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।
এসআরবি-১১ সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জুট মিলটিতে অভিযান চালায়। পরিত্যক্ত জুট মিলের আশপাশের এলাকায় তল্লাশি চালায় আভিযানিক দলটি। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় এলজি এবং থানা থেকে লুট হওয়া শটগানের নয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযান সময় কয়েকজন ব্যক্তিকে ঘটনাস্থলে দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যান।
এসআরবি-১১ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সেগুলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র